টাঙ্গাইলের মধুপুর থানায় ভুয়া পুলিশ পরিচয়ে তদবির করতে আসায় সন্দেহ হওয়ায় মো. মিজানুর রহমান (৩০) নামে একজনকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। আটক মিজানুর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভাণ্ডার গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে। মধুপুর থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মধুপুর থানায় এসে তিনি নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। এ সময় দাবি করেন, তিনি ৩৬তম ব্যাচের এসআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত। এ সময় তিনি মধুপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদবির করতে আসেন। এসআই সেলিম সিকদারের কাছে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি দ্রুত সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলামকে জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসংগতি ধরা পড়ে। একপর্যায়ে মিজানুর স্বীকার করেন যে, তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদবির করতে এসেছিলেন। পুলিশ আরও জানায়, তিনি কন্ট্রাক্টের ভিত্তিতে ওই জমি সংক্রান্ত মামলায় একটি পক্ষের হয়ে কাজ করতে এসে এই প্রতারণার চেষ্টা করেন। এ ঘটনায় তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এ কে এম ফজলুল হক। এ সময় তার নিকট থেকে পুলিশের ব্যবহৃত একটি সোল্ডার জ্যাকেট (ট্রাকস্যুট), সোল্ডার লাইট ও ইয়ামাহা এফজেড একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মধুপুরে ভুয়া পুলিশ আটক
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
