ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদল ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীনস্থ গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার মুক্তার তার দলবল নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যায়। এ সময় স্থানীয়রা বাধা দিলে মুক্তার তার দলবল নিয়ে ফিরে আসে। গতকালের ঘটনার জেরে মুক্তার বৃহস্পতিবার বিশাল মোটরসাইকেল বহর নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যায়। এ সময় মুক্তার এক নৌকার মাঝিকে পিটিয়ে আহত করে ও নৌকা পুড়িয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। মুক্তার ও তার লোকজন পালিয়ে যাওয়ার সময় তাদের অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, সংঘর্ষের ঘটনাটি শুনেছি। এই ঘটনার প্রেক্ষিতে মুক্তারকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন। তবে, বিষয়টি নিয়ে আরও তদন্ত হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বালুঘাট নিয়ে সংঘর্ষ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে অব্যাহতি
ময়মনসিংহ প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
