চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রোকেয়া আক্তারের (৫৫) একমাত্র আশ্রয়স্থল কাঁচাঘর। বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে হাইলধর ইউনিয়নের পূর্ব মাইজপাড়া টাওয়ার রোড এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আগুনের মধ্য থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হলেও দুই কক্ষের পুরো ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় দুই লাখ টাকা। তবে কোনো প্রাণহানি ঘটেনি। ক্ষতিগ্রস্ত রোকেয়া আক্তার মৃত বদিউর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, জীবনের বিভিন্ন প্রতিকূলতার মাঝেই এই ছোট্ট কাঁচাঘরটিই ছিল তার একমাত্র ভরসা। স্বামী থেকে বিচ্ছেদের পর এক বোনকে সঙ্গে নিয়ে সেখানেই বসবাস করতেন তিনি। আনোয়ারা ফায়ার সার্ভিসের লিডার মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
আনোয়ারায় অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
