খাগড়াছড়িতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতার মৃত্যু

ফন্ট সাইজ:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র হামলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নীতিদত্ত চাকমা সংগঠনটির পানছড়ি উপজেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নীতিদত্তকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার পর ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পক্ষ থেকে প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করা হয়েছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা জানান, এ ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই এবং এটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন