বান্দরবানে বন্ধ পাম্প চালু করলেন এমপি

বান্দরবানে বন্ধ পাম্প চালু করলেন এমপি

ফন্ট সাইজ:

বান্দরবানে তেল সংকটে পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে বন্ধ থাকা ফিলিং স্টেশন খুলে নিজে দাঁড়িয়ে তেল বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি। শুক্রবার সকালে বান্দরবান শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে যান তিনি। এ সময় মোটরসাইকেল, জিপ ও পর্যটকবাহী বিভিন্ন যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তেল মজুত থাকা সত্ত্বেও বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন এমপি। পরিদর্শনকালে উঝমা ওয়েল ফিলিং স্টেশন সীমিত আকারে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশনসহ অন্য কয়েকটি পাম্প বন্ধ ছিল। বিষয়টি জানতে পেরে এমপি তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশন গিয়ে মালিক পক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন ও পাম্প খুলে দেয়ার নির্দেশ দেন এবং নিজে দাঁড়িয়ে থেকে পর্যটক ও স্থানীয়দের তেল বিতরণ কার্যক্রম শুরু করেন। সংসদ সদস্য সাচিং প্রু জেরি বলেছেন, বান্দরবানে যতগুলো ফিলিং স্টেশন আছে সব পাম্প মালিকদের জানাচ্ছি যে, যতক্ষণ পাম্পে অকটেন ও ডিজেল থাকবে ততক্ষণ বিক্রি করতে হবে। পাম্পে মজুত করার কোনো সুযোগ নেই। কারণ এটা সরকারের নির্দেশ। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পর্যটক ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। অনেক পর্যটক এমপিকে ধন্যবাদ জানিয়ে হাত মেলান এবং দ্রুত সমস্যার সমাধান করায় সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, তেল সংকটে পর্যটন-নির্ভর বান্দরবানে ভোগান্তি বাড়ছিল। এমপি’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এদিকে, বান্দরবান পৌর শহরে চারটি ফিলিং স্টেশন থাকলেও শুধুমাত্র দু’টি পাম্প থেকে অকটেন ও ডিজেল বিক্রি করা হচ্ছে। কিন্তু বাকি দু’টি পাম্প সাইন বোর্ড ঝুলিয়ে পালিয়ে যায়। এগুলো হলো- মেঘলা ফিলিং স্টেশন ও মজিদ অ্যান্ড কোং। জানা যায়, বেশি দামে বিক্রির জন্য এ দু’টি পাম্প অকটেন মজুত করে রেখেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন