সুনামগঞ্জে আওয়ামীপন্থি ২৭ আইনজীবীর বিরুদ্ধে মামলা, জেলহাজতে দু’জন

সুনামগঞ্জে আওয়ামীপন্থি ২৭ আইনজীবীর বিরুদ্ধে মামলা, জেলহাজতে দু’জন

ফন্ট সাইজ:

সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীপন্থি ২৭ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- এডভোকেট মনীষ কান্তি দে মিন্টু ও এডভোকেট মিজানুর রহমান শামীম। মনীষ কান্তি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তার বাড়ি শহরের নতুন পাড়ায়। অপরদিকে মিজানুর রহমান জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। তার বাড়ি সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামে। গতকাল সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মিছিল ও স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা। পরে ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানার এসআই আনুরুল হক বাদী হয়ে ২৭ জন আইনজীবীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছেন। যারা স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানে অংশ নিয়েছেন তাদের সবাইকে মামলায় আসামি করা হয়েছে। পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম আইনত নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে তারা মিছিল ও স্লোগান দিয়েছেন এবং সেই কার্যক্রমের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের সকালে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন সংগঠনটির আইনজীবী সদস্যরা। পরে তারা আদালত চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রায় ২৩-৩০ জন আইনজীবী অংশ নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন