গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে দ্বিতীয় দফায় কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সকালে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাসেল বিশ্বাস (২৫) বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। ঘটনার বিবরণে জানা গেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তার আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে বেদম মারধর করে। শুক্রবার সকালে রাসেলকে উপজেলা হাসপাতালে ভর্তি করতে নিয়ে এলে পান্নার লোকজন হাসপাতালে ঢুকে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। রাসেলের ভাই রবিউল বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে তার চাচা পান্নার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জেরে বৃহস্পতিবার রাতে পান্নার লোকজন তার ভাইকে মারধর করে। শুক্রবার সকালে তাকে হাসপাতালে নিলে হাসপাতালে ঢুকে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, অনিক বিশ্বাস, হাফিজুর বিশ্বাস, মানিক বিশ্বাসসহ আরও অনেকে রাসেল বিশ্বাসকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে বর্ষাপাড়া গ্রামে গিয়ে পান্নাকে খুঁজে পাওয়া যায়নি। উপজেলা হাসপাতালের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জরুরি বিভাগে চিকিৎসা নেয়ার সময় রাসেল নামের ওই রোগীর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। কোটালীপাড়া থানার এসআই সুব্রত বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে রোগীকে কুপিয়ে জখম
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
