লক্ষ্মীপুরে টাকা চুরির অপবাদে দুই শিশুকে হাত বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে টাকা চুরির অপবাদে দুই শিশুকে হাত বেঁধে নির্যাতন

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরে ৮০০ টাকা চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেঁধে নির্যাতন ও সিগারেটের ছ্যাঁকা দেয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই দুই শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের দক্ষিণ মার্কাজ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশুরা হলো, সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার আবদুস সহিদের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ হোসেন (৯) ও ভবানীগঞ্জের চরউভূতি এলাকার জিয়াউল হকের ছেলে হেফ্‌জ বিভাগের শিক্ষার্থী জিহান হোসেন (১২)। পুলিশ, নির্যাতিত শিশু ও স্বজনরা জানায়, শহরের মার্কাজ মসজিদ এলাকায় মুদি ব্যবসা করছেন মনির হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার দোকান থেকে ৮০০ টাকা চুরি হয়। ওই টাকা চুরি করার অপরাধে মুজাহিদ ও জিহানকে ধরে বেদম মারধর করেন মনিরসহ কয়েকজন। পরে ওই দুই শিশুর হাত বেঁধে আরও নির্যাতন করা হয়। একপর্যায়ে জিহানের মুখে সিগারেটের ছ্যাঁকা দেয়া হয়। পরে দুই শিশুর পরিবারকে খবর দেন মনির। পরে পরিবারের লোকজনের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে দুই শিশুকে বুঝিয়ে দেয়া হয়। অন্যায়ভাবে চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে বলে জানান- স্বজনরা। তারা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম বলেন- দুই শিশুর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের দুইজনকে চিকিৎসা শেষে অবজারভেশনে রাখা হয়েছে। সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। চুরি করলে প্রচলিত আইনে বিচার হবে। নিজ হাতে আইন তুলে নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন