সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় ৮ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ১৭টি আরসিসি রাস্তা নির্মাণের দুই মাস না যেতেই গাইড ওয়ালে ধস ও ফাটলের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বৃহত্তর পাবনা ও বগুড়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়। এ ঘটনায় গত বুধবার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বরাবর রিপন সরকার নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দাখিল করেছেন। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরণ করেন তিনি। রিপন সরকার ওই পৌরসভার তাড়াশ (থানা পাড়া) মহল্লার মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।
অভিযোগে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরে বৃহত্তর পাবনা ও বগুড়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তাড়াশ পৌরসভায় ৮ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ১৭টি আরসিসি রাস্তা নির্মাণ করা হয়। এ রাস্তা নির্মাণের দুই মাস না যেতেই গাইড ওয়ালে ধস ও ফাটল সৃষ্টি হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহাগ রানার সঙ্গে যোগসাজশ করে বরাদ্দকৃত অর্থের সিংহভাগ আত্মসাৎ করা হয়েছে। আরও বলা হয়, শর্ত অনুযায়ী ১৭টি আরসিসি রাস্তায় ৬ ইঞ্চি ঢালাই দেয়ার কথা থাকলেও ৩ ইঞ্চি দেয়া হয়েছে। আবার ৪ ইঞ্চি দূরত্বে রড দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ১২ ইঞ্চি পরপর। শুধু তাই নয়, গাইড ওয়াল নির্মাণে ১২ মিলি রডের স্থলে কিছুই দেয়নি। এছাড়া প্যালাসাইডিং রডে রিং না দেয়া এবং নিম্নমানের ইট-খোয়া, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়েছে।
সরজমিন দেখা গেছে, পৌর এলাকার খুঁটিগাছা রাস্তার গাইড ওয়ালে ধস, ভাদাশ পশ্চিমপাড়া রাস্তার ধস ঠেকাতে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কহিত আম্বারিয়া রাস্তায় কিছুটা গাইড ওয়াল নির্মাণ বাদ রেখেই কাজ সম্পন্ন করা হয়। রাস্তার প্রস্থ তুলনামূলক সরু। খুঁটিগাছা গ্রামের আব্দুল খালেক বলেন, এই গ্রামের রাস্তা নির্মাণের ৫০ দিন পার হয়েছে। অথচ এখনই গাইড ওয়াল ধসে পড়েছে। পুরো রাস্তা একই অবস্থা। এই রাস্তাটি নির্মাণে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। কাজের শুরুতে ভেবেছিল এবার আমাদের কষ্ট লাঘব হলো। কিন্তু এখন দেখছি, রাস্তার কাজ শেষ না হতেই ভেঙে পড়ে যাচ্ছে। এদিকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ওই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তাড়াশে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের ২ মাসেই ধস
সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
