ময়মনসিংহে বালু ঘাট দখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ১২ মোটরসাইকেলে আগুন

ময়মনসিংহে বালু ঘাট দখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ১২ মোটরসাইকেলে আগুন

ফন্ট সাইজ:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের বালু ঘাট দখল নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদল ও এলাকাবাসীর মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরের অন্তত ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। একইসঙ্গে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি কলেজ ঘাট বালুমহাল এলাকায় এ ঘটনা ঘটনা।
এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, বুধবার উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন তার দলবল নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যায়। এ সময় স্থানীয়রা বাধা দিলে মুক্তার তার দলবল নিয়ে ফিরে আসে। এ ঘটনার জেরে মুক্তার বৃহস্পতিবার বিশাল মোটরসাইকেল বহর নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যায়। এ সময় তিনি এক মাঝিকে পিটিয়ে আহত করে নৌকা পুড়িয়ে দেন। স্থানীয়রা টের পেয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। মুক্তার ও তার লোকজন পালিয়ে যাওয়ার সময় তাদের অন্তত ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মাঝি ছাড়া কেউ আহত হয়নি।
এ বিষয়ে জেলা যুবদল নেতা আবদুল আজিজ সাদেক বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের বালু নিয়ে এলাকাবাসীর মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে, কার সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে তা স্বীকার করেননি তিনি। এ বিষয়ে জানতে মুক্তার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ দেখায়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে, কে বা কারা বালু ঘাট দখল করতে এসেছিল তা এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আবদুল্লাহ-আল-মামুন বলেন, সরকারি কলেজ বালু ঘাটটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের অধীনে। বুধবার ঘাটে কি ঘটেছে, কেউ আমাকে জানায়নি। বৃহস্পতিবার দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে, কে বা কারা বালু ঘাট দখল করতে গিয়েছিল তা আমার জানা নেই।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন