গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, যাত্রী দুর্ভোগ

ফন্ট সাইজ:

গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন।
সরজমিন দেখা গেছে, চরবাউশিয়া পাখির পয়েন্ট থেকে জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে গাড়ির লম্বা লাইন লক্ষ্য করা গেছে। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক গাড়ি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘ ১৩ কিলোমিটার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে। ঢাকাগামী যাত্রী সোহাগ প্রধান বলেন, জরুরি কাজে বের হয়েছিলাম। চরবাউশিয়া পাখির পয়েন্ট থেকে জামালদী বাসস্ট্যান্ড পার হতে গিয়ে প্রায় তিন ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে পৌঁছাই। ঢাকাগামী মহাসড়কে যাত্রীবাহী চালক হোসেন মিয়া বলেন, বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করেছি, খুব বেশি স্বস্তি মেলেনি। গাড়ির চাপ এত বেশি যে প্রায় স্থির অবস্থায় চলতে হচ্ছে। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসবের কারণে যানবাহনের চাপ বেড়ে গেছে। হাইওয়ে পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে এবং যানজট নিরসনের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন