দলের নাম ভাঙিয়ে কেউ দুর্নীতি করতে পারবে না: তথ্য প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, কেউ দলের নাম ভাঙিয়ে দুর্নীতি করতে পারবে না। করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো দুর্নীতিবাজ দলে এবং সরকারে ঠাঁই পাবে না। এতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। আমার দলের কোনো ব্যক্তি আমার নাম ভাঙিয়ে দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে যদি সম্পৃক্ত থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, দেশ আজ যে অবস্থানে রয়েছে, তা সম্ভব হয়েছে মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এ কারণে আমরা আজ স্বাধীন বাংলাদেশে অবস্থান করছি। এ সময় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রতিমন্ত্রী বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বার বার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এ কারণে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারা অব্যাহত থাকার কারণে একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠন হয়েছে। অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পরে নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা একের পর এক বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সবগুলো প্রতিশ্রুতি পূরণ করা হবে।
এ সময় নিজ এলাকা নান্দাইলে নানা উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলে বিভিন্ন খাল খননের প্রয়োজন আছে। ইতিমধ্যে আমরা তালিকা করেছি। যাচাই-বাছাই করে তা বাস্তবায়ন শুরু হবে। এ ছাড়াও রাস্তার কাজ যেখান থেকে যেভাবে আনা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। এতে সকল পর্যায় থেকে সকলের সহযোগিতা একান্ত প্রযোজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. এনামুল কাদির, পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন