দৌলতপুরে ভ্যানচালকের বাড়িতে ডাকাতি

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে রিয়াজুল ইসলাম (৪৮) নামে এক ভ্যানচালকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল ওই বাড়ি থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুট করেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর-ফুটানি বাজার এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। ভ্যানচালক রিয়াজুল ইসলাম একই এলাকার বাবু হোসেনের ছেলে। জানা গেছে, সন্ধ্যার পর রিয়াজুলের বাড়ির সদস্যরা বাড়ির বাইরে যায়। এ সুযোগে মুখোশধারী তিনজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। তারা রিয়াজুলের স্ত্রী নাসিফন খাতুনের (৪২) গলায় অস্ত্র ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তারা বাক্সের চাবি নিয়ে সেখানে থাকা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে ঘটনাস্থল থেকে চলে যায়।
ঘটনার পর বিদ্যুৎ এলে বাড়ির বাইরে থাকা পরিবারের সদস্যরা ঘরে ফিরে নাসিফনকে হাত-মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। তিনি জানান, আমি শুয়ে ছিলাম। হঠাৎ তিনজন মুখোশধারী ব্যক্তি হাসুয়া নিয়ে আমার গলায় ধরে। পরে তারা আমার হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং বাক্সের চাবি নিয়ে সেখানে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে চলে যায়। এ ঘটনায় রিয়াজুল ইসলাম দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন