বধ্যভূমিতে ৫৪ বছর পর স্মৃতিস্তম্ভ, আপ্লুত এলাকাবাসী

ফন্ট সাইজ:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়ীয়া গ্রামে মহান স্বাধীনতা যুদ্ধের ৩৬ জন শহীদের স্মরণে অবশেষে নির্মিত হয়েছে একটি স্মৃতিস্তম্ভ। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় এলাকা জুড়ে স্বস্তি ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের উদ্যোগে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।
জানা যায়, ১৯৭১ সালের ৮ই মে আনুমানিক সকাল ১১টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী ওই এলাকায় প্রবেশ করে। সে সময় রাস্তার দু’পাশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। এতে সুতাবাড়ীয়া গ্রামের ৩৬ জন নিরপরাধ মানুষ শহীদ হন। দীর্ঘদিন ধরে শহীদদের স্বজন, স্থানীয় হিন্দু সম্প্রদায় এবং এলাকাবাসীর দাবি ছিল- এই বধ্যভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইউএনও মাহমুদুল হাসান বলেন, এই বধ্যভূমিকে যথাযথভাবে সংরক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতি রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে শহীদদের সমাধিস্থলে ছোট পরিসরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এটি বৃহৎ পরিসরে সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা নেয়া হবে। শহীদ পরিবারের সদস্যরা বলেন, স্মৃতিস্তম্ভ নির্মাণ তাদের জন্য গর্ব ও আবেগের বিষয়। একই সঙ্গে তারা বধ্যভূমির পূর্ণাঙ্গ সংরক্ষণ এবং শহীদ পরিবারের অসচ্ছল সদস্যদের সহায়তার দাবি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন