মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে স্টিকার লাগিয়ে পুষ্পস্তবক অর্পণের সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিঙ্গাপুর গ্রামের রকিবুল ইসলাম দুর্জয় (৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মিষ্টি সুভাষ (২৮) এবং রাজধানীর লালবাগ থানার তাহমিনা আক্তার (৪০)।
পুলিশ সূত্র জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধে তারা এ-৪ সাইজের কাগজে নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার পক্ষ থেকে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা লেখা স্টিকার সংযুক্ত করে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে আটক তিনজন আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মানবজমিনকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ফুল দিতে গিয়ে নারীসহ আটক ৩
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
