বাগেরহাটের চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে হাজমা মুন্সী (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজমা মুন্সী শিবপুর গ্রামের রুহুল মুন্সীর ছেলে। জানা গেছে, রুহুল মুন্সী ও তার পরিবার খুলনায় দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে। ঈদের ছুটিতে সে বাড়িতে আসে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা ৭-৮ জন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে হাজমা মুন্সী পালানোর জন্য বাড়ির পেছনে একটি খালের পাড়ে পৌঁছালে সন্ত্রাসীরা তার পিছু নেয়। এ সময় তাকে এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিতে ক্ষতবিক্ষত হয়। আশপাশের লোকজন ছুটে এসে হাজমা মুন্সীকে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে। এ ব্যাপারে চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এখনো হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে পুলিশ আলামতসহ ঘটনা তদন্ত করে দেখছে।
চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
