বিয়ানীবাজারের প্রশাসনে জনবল সংকট

ফন্ট সাইজ:

বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সকল দপ্তরে জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলা প্রশাসন, ভূমি অফিস, ইউনিয়ন তফসিল অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, কৃষি, শিক্ষা, মাধ্যমিক, সমাজসেবাসহ সকল দপ্তরে অর্ধেকের কম জনবল দিয়ে কোনোমতে সেবা কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে। এতে প্রশাসনের গতি বেশ ধীর বলে মন্তব্য করেছেন ভুক্তভোগীরা। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে জনবল নিয়োগ হবে, ফিরবে গতি- এমনটি আশা করছেন বিয়ানীবাজারবাসী। স্থানীয় প্রশাসনের বড় তিন পদ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জ (ওসি) পদে গত দেড় বছরে বিরতিহীন বদলি চলতে থাকে। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বদলি নিয়ে একরকম সংশয় তৈরি হয়। এতে গতিহীন হয়ে পড়ে বিয়ানীবাজারের সার্বিক প্রশাসনিক কার্যক্রম- এমন মন্তব্য করেছেন উপজেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একটি দপ্তরের প্রধান। সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরে যে পরিমাণ লোকবল থাকার কথা তা নেই বহুবছর থেকে। ফলে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট বিভাগকে। জনবল সংকটের কারণে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম বেশ বাধাগ্রস্ত হচ্ছে। প্রশাসনে শূন্যপদগুলোর কারণে স্থানীয় উন্নয়ন ও সাধারণ নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ বলেন, জনবল সংকট দূর করে বিয়ানীবাজারের প্রশাসনে গতি আনতে হবে। উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। জানা গেছে, বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা ভূমি অফিস, ইউনিয়ন তফসিল অফিস, সমাজসেবা, শিক্ষা, যুব উন্নয়ন, পরিসংখ্যান, সমবায়, হিসাবরক্ষণ, খাদ্য, মহিলা ও শিশু বিষয়ক দপ্তর, মাধ্যমিক শিক্ষা, কৃষি, জনস্বাস্থ্য, প্রকৌশল, প্রকল্প বাস্তবায়ন, মৎস্য অফিসসহ অন্য দপ্তরের কাজকর্ম বেশ ধীরগতির। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত নাগরিক সেবা মিলছে না। পৌরসভা কার্যালয়েও নেই প্রধান নির্বাহী, প্রকৌশলীসহ অর্ধেকের বেশি জনবল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আছেন একজন, সরকারি কলেজে অর্ধেকের বেশি শিক্ষকের পদ শূন্য। বিভিন্ন মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, দপ্তরভিত্তিত পৃথক জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করা হয়েছে। আশাকরি কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন