গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালিয়েছে জামায়াত যুব বিভাগের নেতাকর্মীরা। এ ঘটনায় থানার ওসি, এসআই, এএসআই ও এক নারী কনস্টেবলসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে পলাশবাড়ী থানা ভবনে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে জামায়াত যুব বিভাগের নেতাকর্মীরা কালীবাড়ী হাটের একটি সরকারি বরাদ্দকৃত দোকানের ঘটনাকে কেন্দ্র করে লিখিত অভিযোগ নিয়ে ওসি’র রুমে প্রবেশ করে। এ সময় অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান অভিযোগটির যথাযথ গুরুত্ব বিবেচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দেন। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াত যুব বিভাগের কতিপয় নেতাকর্মীরা ওসিকে চাপ দেয়। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ওসিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম, এসআই শাহ নেওয়াজ, রাসেল, এএসআই আশরাফুল, ওহিদুল, রুহুল আমিন, নারী কনস্টেবল মোস্তারিনা ও কনস্টেবল আব্দুল মজিদসহ ৮ পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ ১ জনকে আটক করে। আটককৃত ব্যক্তি পৌর শহরের গৃধারীপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে তহিদুল ইসলাম কানন।
এ ব্যাপরে জামায়াত যুব বিভাগের সভাপতি আতিফ তরফদার বলেন, আমি পলাশবাড়ীর বাইরে ছিলাম। বিষয়টি মোবাইলে আমাকে অবগত করা হয়েছে। বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না। ঘটনার পর তাৎক্ষণিক থানায় ছুটে যান গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি সাকোয়াত হোসেনসহ জামায়াত নেতারা। উপজেলা জামায়াতের সেক্রেটারি সাকোয়াত হোসেন জানান, থানায় ঢুকে পুলিশের উপর হামলার ঘটনা দুঃখজনক। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াতের পক্ষ থেকে পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান বলেন, জামায়াত যুব বিভাগের কতিপয় নেতাকর্মীরা একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় আসে। আমি আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেই। তারা অভিযোগটির তাৎক্ষণিক সমাধান চেয়ে উত্তেজিত হয়ে আমাকে ফ্যাসিস্ট বলে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় পুলিশ সদস্যরা এগিয়ে এলে তারা নিরস্ত্র পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ ৮ পুলিশ সদস্য আহত হই। এ ঘটনায় পলাশবাড়ী থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে এজাহারনামীয় ৯ এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। আটককৃত ব্যক্তিকে গাইবান্ধা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশিদুল বারী জানান, পুলিশের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা, ওসিসহ আহত ৮
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
