কুলাউড়ায় ১৮ দিন ধরে নিখোঁজ কলেজ শিক্ষার্থী

কুলাউড়ায় ১৮ দিন ধরে নিখোঁজ কলেজ শিক্ষার্থী

ফন্ট সাইজ:

কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অয়ন দেব (১৮) ১৮ দিন থেকে নিখোঁজ রয়েছে। সে পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেবের পুত্র। গত ৯ই মার্চ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, ৯ই মার্চ সকালে নিজ বাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবির বাজারের উদ্দেশ্যে বের হয়। কিন্তু ওইদিন রাত পর্যন্ত বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে যায়নি। সারাদিন অয়নের সন্ধান না পেয়ে ওইদিন রাতেই কুলাউড়া থানায় জিডি করেন অয়নের চাচা পরিমল দেব। তিনি জানান, কোনো কিছু না জানিয়ে অয়ন বাড়ি থেকে বের হয়ে গত ১৮ দিন থেকে নিখোঁজ রয়েছে। কলেজ বন্ধ থাকলে সে প্রায়শই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে সময় দেয়। নিখোঁজের দিন বাড়ি থেকে বের হয় দোকানের উদ্দেশ্যে। এ বিষয়ে আমাদের আত্মীয়স্বজন ও অয়নের বন্ধুবান্ধবসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাইনি। তাই বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় একটি নিখোঁজ জিডি করেছি।
গত ১৮ দিন থেকে অয়নের সন্ধান না পাওয়ায় তার পিতা-মাতা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
লংলা কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান বলেন, অয়ন আমাদের কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রমজান মাস থেকে কলেজের পাঠদান বন্ধ রয়েছে। নিখোঁজের বিষয়টি আমরা তার পরিবারের কাছ থেকে জেনেছি। তাকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। কুলাউড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, কলেজ শিক্ষার্থী অয়ন নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কল লিস্ট ও লোকেশন ট্র্যাকিং করে তাকে খোঁজার চেষ্টা করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন