চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটির পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত বগি দু’টি বিচ্ছিন্ন রেখে ট্রেনটি পরবর্তীতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান আলী বলেন, প্রথমে পাওয়ার কারে আগুন লাগে। পরে তা সংযুক্ত এসি বগিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
