বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে পাণ্ডব নদীর ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিস গ্রামে ক্ষতিগ্রস্তদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাণ্ডব নদীর অব্যাহত ভাঙনে কলসকাঠী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বহু বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট এবং পারিবারিক কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙনের কারণে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দক্ষিণ সাদিস গ্রাম পুরোপুরি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি। স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই পাণ্ডব নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। কিন্তু স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে দিন দিন নদীতীরবর্তী জনপদ বিলীন হয়ে যাচ্ছে। দক্ষিণ সাদিস গ্রামের বাসিন্দা আবু সালেহ বলেন, দীর্ঘদিন ধরে পাণ্ডব নদীর ভাঙনে আমিনপুর গ্রাম কলসকাঠীর মানচিত্র থেকে হারিয়ে গেছে। শত শত মানুষ তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন। একটি গ্রাম নদীতে বিলীন হলেও এখন পর্যন্ত নদীভাঙন রোধে কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। এভাবে ভাঙন চলতে থাকলে অচিরেই দক্ষিণ সাদিস গ্রামও নদীগর্ভে হারিয়ে যাবে। এদিকে পাণ্ডব নদীর অব্যাহত ভাঙনে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বহু ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বাকেরগঞ্জে পাণ্ডব নদীর ভাঙনরোধে মানববন্ধন
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
