মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট-বল হাতে মাঠে নামেন দেশের সাবেক ক্রিকেটাররা। বিসিবি লাল দল ও বিসিবি সবুজ দলের মধ্যকার এই লড়াইয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান মোহাম্মদ রফিক। তার হাফ সেঞ্চুরি ও ৪ উইকেটের সঙ্গে ইলিয়াস সানির ৫ উইকেটের সুবাদে সবুজ দলের বিপক্ষে ১২৩ রানের বড় জয় পায় লাল দল।
স্বাধীনতা দিবসের তাৎপর্য ফুটিয়ে তুলতে দুই দলের ক্রিকেটারদের জার্সিতে ব্যবহার করা হয় বিশেষ সংখ্যা। সবুজ দলের ক্রিকেটাররা গায়ে জড়িয়েছিলেন ২৬ নম্বর জার্সি এবং লাল দলের ক্রিকেটারদের পরনে ছিল ৭১ নম্বর জার্সি। এই লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিসিবি লাল দল।
প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রানের পাহাড়সম পুঁজি গড়ে লাল দল। ওপেনার মেহরাব হোসেন অপি ৭ বলে ২ রান করে দ্রুত বিদায় নিলেও অন্য ব্যাটাররা চড়াও হন বোলারদের ওপর। নাসিরউদ্দিন ফারুক সজীব ৫৩ বলে ৮৪ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল ৫টি চার ও ৬টি ছক্কার মার। মোহাম্মদ আশরাফুল ২২ বলে করেন ২৫ রান। তবে গ্যালারির দর্শকদের মূল বিনোদন দিয়েছেন ৫৫ বছর বয়সী মোহাম্মদ রফিক। মাত্র ২৪ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫০ রান পূর্ণ করেন তিনি। ইনিংসের শেষ দিকে ডলার মাহমুদ মাত্র ৯ বলে ৪টি ছক্কায় ২৭ রানের ক্যামিও খেলেন। সবুজ দলের হয়ে ফয়সাল হোসেন ডিকেন্স ২ উইকেট এবং আবদুর রাজ্জাক, তালহা জুবায়ের ও আনোয়ার হোসেন মনির ১টি করে উইকেট নেন।
২১৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বিসিবি সবুজ দল মাত্র ১৫.২ ওভারে ৯০ রানে অলআউট হয়ে যায়। ওপেনার শাহরিয়ার নাফীস ১৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করে প্রতিরোধের চেষ্টা করেন। আবদুর রাজ্জাক ১৪ বলে ২টি ছক্কায় ১৮ রান করলেও দলের বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। লাল দলের স্পিনার ইলিয়াস সানি ৪ ওভারে ২০ রান দিয়ে একাই শিকার করেন ৫টি উইকেট। অন্যদিকে ব্যাটিংয়ে ঝড় তোলার পর বল হাতেও সমান কার্যকর ছিলেন রফিক। ৩.২ ওভারে ১৮ রান দিয়ে তিনি তুলে নেন ৪ উইকেট। উইকেট নেওয়ার পর রফিকের ট্রেডমার্ক নাচ ও উদযাপন ছিল এই প্রদর্শনী ম্যাচের অন্যতম আকর্ষণ।
বিসিবি প্রতি বছরই স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের নিয়ে এই ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করে।
