অবশেষে আইনি পথেই হাঁটলো সেনেগালিজ ফুটবল ফেডারেশন (এফএসএস)। আফ্রিকা কাপ অব ন্যাশনসের (অ্যাফকন) শিরোপা ফিরে পেতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করলো এফএসএস। বুধবার এক বিবৃতিতে আপিল নথিভুক্তের কথা জানিয়ে সিএএস এক বিবৃতিতে বলে, যত দ্রুত সম্ভব রায় দেয়া হবে।
অ্যাফকন ফাইনালে গত ১৮ই জানুয়ারি মরক্কোর বিরুদ্ধে ১-০ গোলের জয় তুলে নেয়। নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা শেষে অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন পাপ গেয়ি। তবে এর আগে মরক্কোকে একটি পেনাল্টি দেয়া হলে তার প্রতিবাদস্বরূপ মাঠ ছেড়ে চলে যান সেনেগাল খেলোয়াড়রা। অবশ্য পরে তারা ফিরে আসেন। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ স্পটকিক মিস করলে পরে জয়সূচক গোলটি পায় সাদিও মানেরা। তবে গত সপ্তাহে সিএএফের এক বিবৃতিতে বলা হয়, সেনেগাল ম্যাচটি বর্জন করেছে এবং নিয়মানুযায়ী ম্যাচের ফল ‘মরক্কোর পক্ষে ৩-০ জয় নথিভুক্ত’ করা হয়েছে। এ ঘোষণার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আপিলের কথা বলে সেনেগাল। এবার আনুষ্ঠানিকভাবেই সে পথে হাঁটলো তারা।
