মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বোনকে বাঁচাতে ঝাঁপ দিয়েও শেষ পর্যন্ত নিজের জীবনটাই হারাতে হলো ভাইকে। হৃদয়বিদারক এ ঘটনায় স্তব্ধ স্বজন ও স্থানীয়রা। বুধবার বেলা প্রায় ১১টার দিকে সদর উপজেলার বালিরটেক খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসা ১৭ বছর বয়সী সাবিয়া সকালে কালীগঙ্গা নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় হঠাৎ পানির স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যেতে থাকে। বোনের বিপদ দেখে কোনো দ্বিধা না করে তাকে উদ্ধারে নদীতে ঝাঁপ দেয় তার চাচাতো ভাই, ২২ বছর বয়সী আকাশ। কিন্তু নিয়তির নির্মম পরিহাস সাবিয়াকে বাঁচাতে গিয়ে নিজেও পানির গভীরে তলিয়ে যায় আকাশ। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ প্রায় আধাঘণ্টা চেষ্টার পর নদী থেকে দু’জনকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত আকাশ হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, সাবিয়ার সঙ্গে তার বিয়ের কথাবার্তাও চলছিল। মঙ্গলবারই সাবিয়া ঢাকা থেকে গ্রামে আসে আনন্দঘন সেই আগমন একদিনের ব্যবধানে রূপ নেয় শোকাবহ বিদায়ে। সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মানিকগঞ্জে বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়েরও মৃত্যু
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
