চারদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফন্ট সাইজ:

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি আত্মীয়-স্বজনদের সঙ্গে একান্ত সময় কাটাবেন। মঙ্গলবার রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার (২৮শে মার্চ) দুপুর ১টায় বঙ্গভবন থেকে রওনা হয়ে পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখানে থেকে সার্কিট হাউসে নেয়া হলে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। প্রথম দিন বিশ্রামে থাকবেন তিনি। পরদিন ২৯শে মার্চ বেলা ১১টায় পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়ার কথা রয়েছে। সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন তিনি।

পরে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় অবস্থিত নিজ বাসভবনে গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষদিন ৩১শে মার্চ পাবনা ক্যাডেট কলেজ থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বঙ্গভবনে ফিরবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির আসন্ন পাবনা সফর ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা। এতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পাবনা প্রেস ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন