ওমান নয় এশিয়ান গেমস হকির বাছাইপর্ব থাইল্যান্ডে

ওমান নয় এশিয়ান গেমস হকির বাছাইপর্ব থাইল্যান্ডে

ফন্ট সাইজ:

বদলে গেল এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ভেন্যু। শুরুতে ওমানের মাসকটে হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করে থাইল্যান্ডে সরিয়ে নিলো এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে এএইচএফ। নতুন সূচি অনুযায়ী, আগামী ২রা এপ্রিল থাইল্যান্ডে শুরু হয়ে ১০শে এপ্রিল শেষ হবে এশিয়ার হকির এই ডামাডোল। যা ২৮শে মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত ওমানে হওয়ার কথা ছিল। তবে এশিয়ান হকি ফেডারেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টটি নতুন ভেন্যুতে সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করে।
ভেন্যু ও সূচিতে পরিবর্তন আসলেও অংশগ্রহণকারী ৯ দলের গ্রুপিং অপরিবর্তিত থাকছে। বাংলাদেশ খেলবে ‘বি’ পুলে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। অন্যদিকে ‘এ’ পুলে রয়েছে ওমান, হংকং, থাইল্যান্ড, কাজাখস্তান এবং ইন্দোনেশিয়া।
এএইচএফ-এর চূড়ান্ত সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনে অর্থাৎ ২রা এপ্রিল মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। একই দিনে শ্রীলঙ্কা বনাম উজবেকিস্তান এবং হংকং বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ থেকে ৭ই এপ্রিল পর্যন্ত চলবে পুল পর্বের খেলা। এরপর ৯ই এপ্রিল সেমিফাইনাল এবং ১০ই এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের শীর্ষ চারটি দল আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
হঠাৎ ভেন্যু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ সব দলই লজিস্টিক ও প্রশাসনিক চাপের মুখে পড়েছে। বিশেষ করে থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়াকরণের জন্য বাহফেকে নতুন করে দৌড়ঝাঁপ শুরু করতে হচ্ছে। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘বাংলাদেশের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এক সপ্তাহ নেই থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে, এখনও ভিসা পাইনি।’
ঈদের ছুটির পর মঙ্গলবার ২৬ জন খেলোয়াড় নিয়ে আবারো জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। দুই দেশি কোচ হেদায়েতুল ইসলাম রাজীব ও আশিকুজ্জামানের অধীনে আর তিনদিন অনুশীলন করার পর ৩১ মার্চ থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জাতীয় হকি দলের খেলোয়াড়রা। এদিকে ওমানের মাসকাটে মেয়েদের জুনিয়র এএইচ কাপ হওয়ার কথা ছিল। সেটিও স্থগিত হয়ে গেছে। তবে ২০-২৭ এপ্রিল ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের কোয়ালিফাইংয়ে অংশ নিবে বাংলাদেশ নারী হকি দল। তারা বিকেএসপিতে কোচ জাহিদ হোসেন রাজুর তত্তাবধানে অনুশীলন করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন