দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল গত রোববার। শেষ মুহূর্তে দু’দিন পিছিয়ে হামজা চৌধুরী যোগ দেন মঙ্গলবার। ১৫ ঘণ্টার ভ্রমণের ধকল কাটিয়ে উঠতে না পারায় ভিয়েতনামে পৌঁছে দলের সঙ্গে অনুশীলনে নামেননি বাংলাদেশের এই পোস্টার বয়। কাল প্রথমবারের মতো অনুশীলন নামলেও ভিয়েতনামের বিপক্ষে ক্লান্ত হামজাকে খেলাবেন কিনা তা পরিষ্কার করেননি বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা। ভিয়েতনাম ইতোমধ্যে এশিয়া কাপ নিশ্চিত করেছে। বাংলাদেশের চেয়ে তারা র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে। তাই ভিয়েতনামের হ্যানয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া বাস্তবতার নিরিখেই কথা বলেছেন। জামাল ভূইয়া বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’ বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে এই ম্যাচ। ইনজুরি কাটিয়ে দীর্ঘ বিরতির পর ফেরায় হামজাকে নিয়ে বাংলাদেশ শিবিরে দারুণ উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি সত্ত্বেও মাঠে নামার ব্যাপারে নিজের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। গতকাল পুরো দমে দলের সঙ্গে অনুশীলন করেছেন। আগের দিন অনুশীলনে না নামলেও সর্তীথদের উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত ছিলেন। তারপরেও হামজার ওপর অতিরিক্ত চাপ দিতে রাজি নন কাবরেরা। কোচের এমন মন্তব্যে হামজার একাদশে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন কানাডা থেকে এসেছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও কাবরেরা তাকে একাদশে রাখেননি। তাই আজকের প্রীতি ম্যাচের শুরুতেই হামজা থাকেন কি না সেটা সময় বলে দেবে। ভিয়েতনামের চ্যালেঞ্জিং কন্ডিশন এবং ৩১শে মার্চ দিকে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখেই এমন সাবধানী অবস্থান কোচের। ?ফিফা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা ভিয়েতনাম এই অঞ্চলের অন্যতম শক্তিশালী দল। দলটির কোচ কিম সাং সিক জানিয়েছেন, হামজার দক্ষতা সম্পর্কে তিনি অবগত। তবে তাদের মূল লক্ষ্য কেবল জয়। কিম বলেন, ‘আমি হামজা সম্পর্কে জানি, সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের নিয়ে আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি যেন তার শক্তির জায়গাগুলো মোকাবিলা করা যায়। আমাদের লক্ষ্য কেবল জয়।’ হামজাকে নিয়ে ভাবনার পাশাপাশি কাবরেরাকে এমন প্রতিপক্ষের বিরুদ্ধে বিবেচনায় আনতে হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানও। বাংলাদেশ ১৮১তম, ভিয়েতনাম ১০৩তম। দীর্ঘ ২৫ বছর পর দেশ দুটির মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচ। তার উপর প্রতিপক্ষের আক্রমণভাগের আছে জুয়ান সনের মতো তারকা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই এই ফরোয়ার্ড সবশেষ লাওসের বিপক্ষে ভিয়েতনামের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও পেয়েছেন জালের দেখা। তবে কাবরেরা আশাবাদী সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের আত্মবিশ্বাস ভিয়েতনাম ম্যাচেই সঞ্চয় করে নিতে পারবে তার দল। তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হলো সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন আনুষ্ঠানিক ম্যাচের জন্য প্রস্তুতি নেয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। জুয়ান সনের উপস্থিতি এবং দলে আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় (হোয়াং হেন) থাকায় ভিয়েতনামের একটি অত্যন্ত শক্তিশালী লাইন-আপ রয়েছে। আমরা আশা করি, বাংলাদেশ ভিয়েতনামের সম্ভাব্য শক্তিশালী দলের মোকাবিলা করতে সক্ষম হবে।’ আশাবাদী জামালও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় অধিনায়কও কঠিন লড়াই উতরে যাওয়ার প্রশ্নে আত্মবিশ্বাসী। অধিনায়ক বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ হবে, কিন্তু বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’
হামজাকে নিয়ে কাবরেরার রহস্য, ভিয়েতনামের বিপক্ষে লড়াইয়ের প্রত্যয় জামালের
স্পোর্টস রিপোর্টার
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
