এগারো বছর পর ‘বড় পরীক্ষায়’ ব্রাজিল-ফ্রান্স

এগারো বছর পর ‘বড় পরীক্ষায়’ ব্রাজিল-ফ্রান্স

ফন্ট সাইজ:

বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাত্র তিন মাস। ফুটবলের মহাযজ্ঞ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই সফল দল ব্রাজিল ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে রাত ২টায় আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১১ বছর পর ফ্রান্সের বিপক্ষে খেলতে নামছে ব্রাজিল। বিশ্বকাপে খেলার আগে দু’দলের জন্য ম্যাচটিকে ভাবা হচ্ছে-শক্তিমত্তা পরীক্ষার মঞ্চ হিসেবে ।
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে হেক্সা জয়ের মিশনে নামছে তারা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৫ নম্বরে থেকে বিশ্বকাপ নিশ্চিত করা সেলেসাওদের সাম্প্রতিক ফর্ম খুব একটা সুবিধার নয়। শেষ ৪ ম্যাচের দু’টিতে জিতেছে তারা। আনচেলত্তির জন্য এই ম্যাচটি দল গোছানোর বড় পরীক্ষা। এ পরীক্ষায় খেলতে পারছেন না ৩৪ বছর বয়সী তারকা নেইমার। গত কয়েক বছর ধরে ফিটনেস ও চোট সমস্যায় জর্জরিত তিনি। এ কারণে প্রাথমিক দলে জায়গা পাননি নেইমার। তার শারীরিক অবস্থা নিয়ে কোচ কার্লো আনচেলত্তি ইয়াহু স্পোর্টসকে বলেন, ‘এটা সম্পূর্ণ শারীরিক সমস্যা, কারিগরি নয়। বল পায়ে সে এখনো দুর্দান্ত, কিন্তু শারীরিকভাবে তাকে আরও উন্নতি করতে হবে। আমার এবং আমার স্টাফদের চোখে সে এখনো শতভাগ ফিট নয়।’ নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের মূল ভরসা এখন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া প্রিমিয়ার লীগে বোর্নমাউথের হয়ে আলো ছড়ানো ১৯ বছর বয়সী তরুণ রায়ানকেও এই ম্যাচে পরখ করে দেখতে পারেন আনচেলেত্তি।
কোচ হিসেবে ২০২২ সালে ফ্রান্সকে ফিফা বিশ্বকাপ জেতান দিদিয়ের দেশম। তবে কাতারে শিরোপা ধরে রাখতে পারেননি তিনি। টানা ১৪ বছর ফরাসি ডাগআউটে থাকা দিদিয়ের দেশমের জন্য এবারের বিশ্বকাপ শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে। বিশ্বকাপের পর তার স্থলাভিষিক্ত হতে পারেন জিনেদিন জিদান। এর আগে ফ্রান্সকে আরেকটি বিশ্বকাপ জেতানোর আশা দেশমের। আর তার দলও আছে ছন্দে। ফিফা র?্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা ফ্রান্স এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল। বিশ্বকাপের আগে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দলের অবস্থা পরখ করে নেবেন দেশম। এই বড় পরীক্ষায় নামার আগে সুখবর পেয়েছেন তিনি।
এই ম্যাচে একঝাঁক তারকাকে পাচ্ছে না ব্রাজিল। লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার ইনজুরির কারণে ছিটকে গেছেন। তার পরিবর্তে ডাক পেয়েছেন করিন্থিয়ানসের হুগো সুজা। রক্ষণভাগের অতন্দ্র প্রহরী গ্যাব্রিয়েল মাঘালহায়েসও গত রবিবার হাঁটুতে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন। এছাড়া ইনজুরির কারণে নেই রদ্রিগো, এদের মিলিতাও এবং ব্রুনো গুইমারেসের মতো তারকারা। অন্যদিকে সুখবর ফ্রান্স শিবিরে। দলীয় অধিনায়ক কিলিয়ান এমবাপে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার ফেরা দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইয়াহু স্পোর্টসকে এমবাপ্পে বলেন, ‘ইনজুরি এখন অতীত। আমি ধাপে ধাপে মাঠে ফেরার প্রক্রিয়া অনুসরণ করছি। আশা করি এই আন্তর্জাতিক বিরতিতে আমি খেলতে পারবো এবং দলের জয়ে আবারও কার্যকরী ভূমিকা রাখতে পারবো।’ দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৫ সালের এক প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ব্রাজিল ৩-১ ব্যবধানে জিতেছিল। তবে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জিনেদিন জিদানের জাদুকরী পারফরম্যান্সে ফ্রান্সের কাছে ১-০ গোলে হারে ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের পর আগামী ৩১শে মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আনচেলেত্তির শিষ্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন