নান্দাইলে ঝড়ে ভেঙে গেছে শতবর্ষী মহিলার ঘর

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে ভয়াবহ কালবৈশাখীর ঝড়ে খারুয়া এলাকায় ব্যাপক গাছপালাসহ ১০৪ বছর বয়সী বৃদ্ধা শাহারা খাতুনের মাথাগোঁজার একমাত্র ঠাঁই টিনের দো-চালা ঘরটি দুমড়ে-মুচড়ে গেছে। ঝড়ের সময় ঘর ধসে পড়ার উপক্রম হলে স্থানীয় এক যুবকের অসীম সাহসিকতায় প্রাণে বেঁচে যান এই শতবর্ষী বৃদ্ধা। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি। অসহায় এই বৃদ্ধার ঘরটি পুনর্নির্মাণে সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের খারুয়া-জামতলা বাজার এলাকায়।

জানা গেছে, অত্যন্ত দরিদ্র বিধবা মহিলা শাহারা খাতুনের থাকার কোনো জায়গা ছিল না। ভিটেটুকুই ছিল তার একমাত্র সম্বল। কয়েক বছর আগে এলাকার যুবকরা তাদের নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে তাকে একটি দো-চালা টিনের ঘর তৈরি করে দেন। সেই ঘরেই চার সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। কিন্তু বুধবার রাতের প্রবল ঝড়ে ঘরটি সম্পূর্ণ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, “ঝড়ের সময় ঘরটি মড়মড় শব্দ করে ভেঙে পড়ছিল। শব্দ শুনে দ্রুত দৌড়ে গিয়ে দেখেন বৃদ্ধা শাহারা খাতুন চৌকির ওপর বসে কাঁদছেন। মৃত্যুঝুঁঁকি উপেক্ষা করে তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান। একটু দেরি হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।” এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, দ্রুত কোনো সহায়তা না পেলে বৃদ্ধ বয়সে শাহারা খাতুনের খুবই কষ্ট হবে। ঘরটি ঠিক করা অতীব জরুরি। এই শতবর্ষী বৃদ্ধার ঘরটি পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের দানশীল বিত্তবান ব্যক্তিদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন