ভোলার লালমোহন উপজেলায় ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি সামরিক বাহিনী স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে দেয়ার জন্য অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযানের মাধ্যমে দেশের প্রধান শহরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য বাঙালিদের ওপর গণহত্যা চালায়। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশলাইন, পিলখানাসহ বিভিন্নস্থানে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। ২৫শে মার্চের কাল রাতে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বানও জানান বক্তারা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, ওসি মো. অলিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপি’র সভাপতি ছাদেক মিয়া জান্টু, প্রেস ক্লাবের আহ্বায়ক মো. সোহেল আজিজ শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুস শহীদ মিয়া, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান, মো. ইউনুছ মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. বজলুর রহমানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
