অস্ট্রেলিয়ার নতুন ওয়েস্টার্ন সিডনি বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বিক্রি শুরু

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইন্টারন্যাশনাল বিমানবন্দর যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হয়েছে। আগামী ২৩শে নভেম্বর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের দৈনিক ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়েছে। বুধবার সকালে অত্যাধুনিক নতুন ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালটি উন্মোচন করা হয়েছে। এবং নতুন এ বিমানবন্দর (ডব্লিউএসআই) থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এই আন্তর্জাতিক বিমান সংস্থাটি ২৩শে নভেম্বর থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এবং ন্যান্সি-বার্ড ওয়ালটন বিমানবন্দর নামে পরিচিত নতুন ওয়েস্টার্ন সিডনি বিমানবন্দরের মধ্যে একটি দৈনিক রুট চালু করবে। নতুন এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনার জন্য এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে চারটি সংস্থা। বুধবার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের মাধ্যমে ঘোষিত অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস, জেটস্টার, সিঙ্গাপুর এয়ার নিউজিল্যান্ড তাদের কার্যক্রম পরিচালনার ব্যাপার নিশ্চিত করে।
সিডনি শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে এই নতুন আন্তর্জাতিক বিমানবন্দরটি মোট ১,৭৮০ হেক্টর (প্রায় ৪,৪০০ একর) লুডেনহাম ও ব্যাজারিস ক্রিক এলাকা জুড়ে অবস্থিত। এই বিমানবন্দরটি সিডনি কিংসফোর্ড স্মিথ বিমানবন্দরের আকারের চেয়ে প্রায় দ্বিগুণ। এবং ২০২৬ সাল থেকে এর প্রাথমিক পরিচালন ক্ষমতার জন্য বিমানবন্দরে ৩.৭-কিলোমিটার দীর্ঘ রানওয়ে রয়েছে।
অস্ট্রেলিয়া ফেডারেল সরকারের অর্থায়নে ৫.৩ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হয়েছে এ নতুন ওয়েস্টার্ন সিডনি ইন্টারন্যাশনাল (ন্যান্সি-বার্ড ওয়ালটন) বিমানবন্দর। পরবর্তী উন্নয়নে মোট ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের পরিবহন ও স্থানীয় সরকার মন্ত্রী ক্যাথরিন কিং এমপি এবিসিকে বলেন, ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া প্রথম আন্তর্জাতিক বিমান সংস্থা ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স। এবং আমি সত্যিই আনন্দিত যে টিকিট বিক্রি শুরু হয়েছে। এখান থেকে চাঙ্গির মাধ্যমে বিশ্বের প্রতিটি কোণার সাথে সংযোগ স্থাপনকারী দৈনিক ফ্লাইটগুলো ওয়েস্টার্ন সিডনিকে বিশ্বব্যাপী সংযুক্ত করবে।
মন্ত্রী আরো জানান, এয়ার নিউজিল্যান্ড গত বছর ঘোষণা করে আগামী বছর থেকে ডব্লিউএসআই-তে ফ্লাইট পরিচালনা করবে। অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস এবং জেটস্টারও এ নতুন বিমানবন্দর ( ডব্লিউএসআই ) থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এবং আগামী জুলাই মাসে আন্তর্জাতিক কার্গো ফ্লাইটগুলোই প্রথম ডব্লিউএসআই ব্যবহার করবে। ডব্লিউএসআই থেকে কার্যক্রম পরিচালনার জন্য অন্যান্য এয়ারলাইন্সগুলোর সাথে আলোচনা চলছে। সিডনি মাসকট বিমানবন্দরে ৫০টিরও বেশি বিমান সংস্থা যাতায়াত করে। তাদের অধিকাংশই আন্তর্জাতিক এয়ারলাইন্স। শীঘ্রই কোয়ান্টাস, জেটস্টার এবং এয়ার নিউজিল্যান্ডের টিকিট বিক্রি দেখতে পাব। এই বছরের জুলাই মাসে আন্তর্জাতিক কার্গো ফ্লাইটগুলোই প্রথম ডব্লিউএসআই ব্যবহার করবে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন