লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন সালাহ

লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন সালাহ

ফন্ট সাইজ:

দীর্ঘ ৯ বছরের বর্ণাঢ্য সম্পর্কের ইতি টানছেন লিভারপুলের ‘মিশরীয় রাজা’ মোহাম্মদ সালাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৩ বছর বয়সী এই কিংবদন্তি ফরোয়ার্ড চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার কথা নিশ্চিত করেন।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে এসেছিলেন সালাহ। বিদায়ের আগে সালাহ ভিডিও বার্তায় বলেন, ‘দুর্ভাগ্যবশত সেই দিনটি চলে এসেছে। এটি আমার বিদায় বার্তার প্রথম অংশ। আমি এই মৌসুম শেষে লিভারপুল ছেড়ে চলে যাচ্ছি।’ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমাকে আমার জীবনের সেরা সময় উপহার দিয়েছেন। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়, এটি একটি আবেগ। আমি সবসময় আপনাদেরই একজন হয়ে থাকবো।’

গত এপ্রিলে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করলেও এক বছর আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন সালাহ। গত ডিসেম্বরে টানা তিন ম্যাচে একাদশের বাইরে থাকায় কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্কের অবনতির গুঞ্জন উঠে। সে সময় নিজেকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে বলে অভিযোগও করেন তিনি। যদিও পরে একাদশে ফিরেছেন, তবে শেষ পর্যন্ত বিদায়ের সিদ্ধান্তেই অটল থাকলেন এই তারকা।

লিভারপুলের হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন সালাহ। ক্লাবের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এই মিশরীয় তারকা। সালাহর হাত ধরে লিভারপুল জিতেছে দুটি প্রিমিয়ার লীগ, একটি চ্যাম্পিয়নস লীগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, ইউয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ড শিরোপা। ব্যক্তিগত অর্জনে চারবার জিতেছেন প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট এবং তিনবার (২০১৮, ২০২২ ও ২০২৫) হয়েছেন পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন