দায়িত্ব নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ এর সংসদ সদস্য এমএ হান্নান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। এতে বক্তৃতায় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জেলার ৬টি আসনের সংসদ সদস্যসহ জেলা পরিষদের সঙ্গে সম্পৃক্ত যারা আছেন এবং সুধী সমাজ, আমি সকলের সঙ্গে সমন্বয় সভা করে জেলা পরিষদের উন্নয়নে কাজ করতে চাই। প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আজকে দীর্ঘ সংগ্রামের পর আমরা এই অবস্থায় এসেছি। অতীত ভুলে গেলে হবে না। মনে রাখতে হবে জনগণ সকল ক্ষমতার উৎস। ক্ষমতায় আছি বলে যা ইচ্ছা করা যাবে না। আগামীতে যতো নির্বাচন হবে জনগণের ভোটে। সেদিকে লক্ষ রেখেই আমাদের কাজ করতে হবে। তা না হলে ২০৩১ এর নির্বাচনে খেশারত দিতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সাদাসিধে জীবনযাপন করছেন। সংসদ সদস্যরা ট্যাক্স মওকুফের গাড়ি পরিহার করেছেন।
বাড়ি নিচ্ছেন না। আঙ্গুল থেকে ভোটের দাগ মুছে যাওয়ার আগেই সরকার ধাপে ধাপে ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়েছে। কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পহেলা বৈশাখে কৃষক কার্ড দেয়া হবে। খালকাটা কর্মসূচি শুরু হয়েছে।
দায়িত্ব নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নতুন প্রশাসক
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
