দৈনিক মানবজমিন পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি কবির হোসেন চান মিয়া আর নেই। গত ২০শে মার্চ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চুচুয়া মারাদিঘী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসন্তান, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক মহল, সাংস্কৃতিক অঙ্গন, পাঠকসমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। চান মিয়া কিশোরকাল থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। ধীরে ধীরে তিনি নিজ প্রতিভার মাধ্যমে খ্যাতি অর্জন করেন এবং একসময় পরিচিত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পান।
সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সাংবাদিকতায় নিজেকে আত্মনিয়োগ করেন। প্রায় তিন দশক ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। নেত্রকোণার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তিনি সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। তার প্রতিবেদন পাঠকমহলে ব্যাপক সাড়া জাগাতো। সহকর্মীরা জানান, তিনি ছিলেন একজন নিরহংকার, পরিশ্রমী ও সৎ মানুষ। সংবাদ সংগ্রহে তার আন্তরিকতা ও দায়িত্ববোধ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নেত্রকোণা জেলা প্রেস ক্লাব, কেন্দুয়া প্রেস ক্লাব, মদন প্রেস ক্লাব, কলমাকান্দা প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন উপজেলা সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও মানবজমিন’র ময়মনসিংহ স্টাফ রিপোর্টার মতিউল আলম, জেলা প্রতিনিধি এনায়েতুর রহমানসহ মানবজমিন পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
