পাকিস্তান সুপার লীগে (পিএসএল) এবার লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমন। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে পাকিস্তানের মাটিতে পা রেখেছেন এই দু’জন। তাদের স্বাগত জানিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর। পিএসএল-এ অংশ নিতে সোমবার সকালে ঢাকা ছাড়েন মোস্তাফিজ-ইমনরা। টানা কয়েক ঘণ্টা ভ্রমণের পর পাকিস্তান পৌঁছান তারা। বিমানবন্দর থেকে সোজা লাহোরের টিম হোটেলে চলে যান এই দুই বাংলাদেশি ক্রিকেটার। মোস্তাফিজ-ইমনকে সাদরে গ্রহণ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজ এবং ইমনের ছবি পোস্ট করে ক্যাপশনে লাহোর লিখেছে, ‘আমাদের বাংলাদেশি ভাইয়েরা লাহোরে এসে পৌঁছেছেন। মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমন পৌঁছেছেন।
ক্লান্ত হলেও তারা এখন কালান্দার্সের আবহে নিজেদের মিশিয়ে নিতে প্রস্তুত। স্বাগত ছেলেরা। এখন লাহোরই তোমাদের ঘর।’ নিলামের আগে মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করে লাহোর। পরে নিলাম থেকে আরেক বাংলাদেশি ক্রিকেটার ইমনকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। পিএসএল’র আগের আসরে সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মেহেদী
হাসান মিরাজদের দলে নিয়েছিল লাহোর। এবারও ফ্র্যাঞ্চাইজিটিতে দেখা যাবে বাংলাদেশি ক্রিকেটারদের। পিএসএল শুরু হবে আগামীকাল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে লাহোর। তাদের প্রতিপক্ষ নবাগত হায়দরাবাদ কিংসমেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৯শে মার্চ করাচি কিংসের বিপক্ষে খেলতে নামবে লাহোর। প্রথমবারের মতো এবারের পিএসএল-এ অংশ নিচ্ছে আটটি দল। এবারের পিএসএল-এ দল পেয়েছেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। বাকি চারজন হলেন- নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিম। অতীতে পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এক মৌসুমে এত বাংলাদেশি ক্রিকেটার দেখা যায়নি। এবারের পিএসএল ঘিরে তাই এদেশের ভক্তদের নজর থাকবে একটু বেশিই। মোস্তাফিজ-ইমনের সঙ্গে সোমবার পাকিস্তানের বিমানে চড়েন রানা এবং শরীফুল। এই দু’জনই খেলবেন পেশোয়ার জালমির হয়ে। পিএসএল খেলতে গতকাল ঢাকা ছেড়েছেন তামিম এবং রিশাদ। টুর্নামেন্টে রানা-শরীফুলদের সতীর্থ হিসেবে দেখা যাবে তামিমকে। অন্যদিকে রিশাদের ঠিকানা নবাগত পিন্ডিজ।
