জ্বালানি সংকটে বড় কাটছাঁট পিএসএলে

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে আগুনের ফুলকি ছিটকে এসে পড়লো ২২ গজে। ইরান-ইসরাইল সংঘাতে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সংকটের জেরে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বড় কাটছাঁটের কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, ছয়টি ভেন্যুর পরিবর্তে সবগুলো ম্যাচ দর্শকশূন্য অবস্থায় অনুষ্ঠিত হবে শুধু করাচি ও লাহোরে। এমনকি লাহোরে হতে যাওয়া জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। পাকিস্তানে জ্বালানি সাশ্রয় এবং জনগণের চলাচল সীমিত রাখার সরকারি নির্দেশনার সঙ্গে সংহতি জানাতেই এমন ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান। গ্যালারি ফাঁকা রাখার সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে নাকভি বলেন, ‘দেশের মানুষকে যেখানে চলাফেরা সীমিত করতে বলা হচ্ছে, সেখানে প্রতিদিন ৩০ হাজার মানুষকে মাঠে আসার আমন্ত্রণ জানানো স্ববিরোধী। এই সংকট যতক্ষণ চলছে, আমরা দর্শক ছাড়াই খেলা চালাবো। সিদ্ধান্তটি কঠিন ছিল, তবে এর বিকল্প ছিল না।

অবশ্য টুর্নামেন্টের শেষ ভাগে পরিস্থিতি অনুকূলে আসলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। নাকভি আরও বলেন, ‘১০ দিন বা ১৫ দিনের মধ্যে হয়তো এই সংকটের সমাধান হবে। তখন আমরা পরিস্থিতি বিবেচনা করবো। পিএসলের একাদশ আসরে বাইশ গজে রোমাঞ্চ ছড়াবেন ছয়-ছয়জন টাইগার ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন, পেশোয়ার জালমিতে আছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজের জার্সি গায়ে চড়াবেন রিশাদ হোসেন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩রা মে। পিসিবি আরও জানিয়েছে, গ্যালারি খালি থাকায় ফ্র্যাঞ্চাইজি দলগুলোর যে আর্থিক ক্ষতি হবে, সেসব বোর্ড বহন করবে। একইসঙ্গে অগ্রিম টিকেট কেনা দর্শকদের অর্থও ফেরত দেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন