টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে গুড়িয়ে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জেতে ভারত। সূর্যকুমার যাদবদের সেই শিরোপা জয়ের মুহূর্ত মাঠের বাইরে এক অবিশ্বাস্য ইতিহাস গড়েছে। গত ৮ই মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক উপস্থিতির আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবারের এক বার্তায় নিশ্চিত করে, শুধু ভারতেই ‘জিওহটস্টার’ প্ল্যাটফর্মে একযোগে ৭ কোটি ২৫ লাখ (৭২.৫ মিলিয়ন) মানুষ অনলাইনে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড এখন এটিই। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এবারের আসরটি প্রমাণ করেছে ক্রিকেটের সবচেয়ে বড় ও আবেগী বাজারে এই খেলাটি কতটা জনপ্রিয়।’
ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারায় ভারত। সঞ্জু স্যামসনের বিধ্বংসী ৮৯ রান এবং জসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের সেই প্রদর্শনী দেখতে ডিজিটাল ডিভাইসে হুমড়ি খেয়ে পড়ে ক্রিকেট বিশ্ব। ডিজিটাল মাধ্যমের পাশাপাশি প্রথাগত টেলিভিশন চ্যানেলগুলোতেও বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষ ম্যাচটি উপভোগ করেন। ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে ম্যাচটি বিশ্বজুড়ে প্রায় ৮০ কোটির বেশি মানুষ দেখেন।
এর আগে মুম্বাইয়ে গড়ানো ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচেও উন্মাদনা ছিল তুঙ্গে। সে ম্যাচে একযোগে সর্বোচ্চ ৬ কোটি ৫০ লাখ দর্শক খেলাটি সরাসরি দেখেন, যা ফাইনালের আগে বিশ্বরেকর্ড ছিল। তবে ফাইনালের ৭ কোটি ২৫ লাখের মাইলফলক সেই রেকর্ডকেও নিচে নামিয়ে দিয়েছে। প্রথাগত টেলিভিশন চ্যানেলের হিসাব এখনো চূড়ান্ত না হলেও, সম্প্রচার জগতেও এবারের বিশ্বকাপ এক নতুন যুগের সূচনা করেছে বলে মনে করছে আইসিসি।
