হাঁটুর চোট থেকে সেরে উঠেছেন কিলিয়ান এমবাপ্পের। গত ডিসেম্বরে পাওয়া চোটে চলতি মাসেও কিছুটা ভোগেন ফরাসি তারকা। তিন সপ্তাহের বেশি মাঠে বাইরে থাকার পর রিয়াল মাদ্রিদের হয়ে শেষ দুই ম্যাচে খেলেন বদলি হিসেবে। এবার ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জানালেন, তার হাঁটুর চোট নিয়ে কিছু মিথ্যা ছড়ানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরে হাঁটুতে পাওয়া সেই চোট থেকে শতভাগ ফিট হয়ে উঠেছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। স্প্যানিশ দৈনিক মার্কাকে নিজেই এ কথা জানিয়েছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাকে জাতীয় দলের একাদশে রাখা হয় এবং তিনি ক্যাম্পেও যোগ দেন। সেখানে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে আক্ষেপের সুর শোনা যায় রিয়াল ফরোয়ার্ডের গলায়। তার অভিযোগ, হাঁটুর চোটের বিষয়ে গণমাধ্যমে কিছুটা মিথ্যাও বলে হয়েছে।
এমবাপ্পে বলেন, ‘আমার হাঁটুর অবস্থা ভালো। আরও ভালো হচ্ছে। সবকিছু খুব ভালোভাবেই চলছে এবং আমি জানি, এটি নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। কিছু মিথ্যা কথাও ছড়ানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শীর্ষ ক্রীড়াবিদদের জীবনটাই এরকম। এবং আমরা এটিতে অভ্যস্ত যে, লোকেরা কিছু যাচাই না করেই বাস্তব কোনো ভিত্তি ছাড়াই অনেক কিছু বলে থাকে।’
সুস্থতার বিষয়ে মার্কাকে ফরাসি তারকা বলেন, ‘আমি শতভাগ সুস্থ। বিগত দুটি বিশ্বকাপের প্রস্তুতি আমি সম্ভাব্য সেরা উপায়েই নিয়েছিলাম। মাঠে খেলা, গোল করা, শিরোপা জয় এবং ক্লাবের হয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মাধ্যমেই তা সম্ভব হয়ে ওঠে। এ বছরও আমি একইভাবে নিজেকে নিংড়ে দিতে চাই, যাতে সেরা ফর্ম নিয়েই বিশ্বমঞ্চে পৌঁছাতে পারি।’
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে দু’টি ম্যাচে খেলবে ফ্রান্স। প্রথম ম্যাচে আগামী ২৬শে মার্চ ম্যাসাচুসেটসে ব্রাজিলের বিপক্ষে নামবে ফরাসিরা। দ্বিতীয় ম্যাচে তিনদিন পর ম্যারিল্যান্ডে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
