কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বানীপুর গ্রামের ছাদেক ও কাদের জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তাদের দাবি, বৈধ মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখল থাকা সত্ত্বেও ভূমিদস্যুরা প্রতারণার আশ্রয় নিয়ে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে এবং মূল মালিক পক্ষের আত্মীয় মনির হোসেনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে।
রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার কালির বাজার রাস্তার মাথা সংলগ্ন ফুলতলী এলাকায় আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিমা আক্তার।
তিনি বলেন, তাঁদের পরিবার পৈতৃক সূত্রে পাওয়া জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। সম্প্রতি একটি পক্ষ জাল দলিলপত্র তৈরি করে জমির মালিকানা দাবি করছে এবং সেখানে বসবাস ও চাষাবাদে বাধা সৃষ্টি করছে।
লিখিত বক্তব্যে জানানো হয়, ফুলতলী মৌজার আরএস ৩৬৬ ও বিএস ৩৩৭ নম্বর জে.এলভুক্ত সম্পত্তি মূলত সিএস ১৮ নম্বর খতিয়ানে অভয় চরণ নাথের নামে রেকর্ডভুক্ত ছিল। পরবর্তীতে তাঁর ছেলে বীর চন্দ্র নাথ ১৯৫৬ সালের ১৪ জুলাই ৮৪৮৯ নম্বর রেজিস্ট্রিকৃত সাব-কবলা দলিলের মাধ্যমে জমিটি আবদুল আজিজের কাছে বিক্রি করেন। এরপর আবদুল আজিজ আরএস ৭১ নম্বর খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করে জমির মালিক ও ভোগদখলকারী হন এবং খারিজ খতিয়ান নম্বর ৩৮৬ প্রস্তুত হয়।
তিনি নিঃসন্তান অবস্থায় মারা গেলে তাঁর ভাই আবদুল মজিদ ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিকানা পান। পরবর্তীতে আবদুল মজিদের মৃত্যুর পর তাঁর চার ছেলে ও দুই মেয়ে উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিক হন এবং তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতিপক্ষ পূর্বপরিকল্পিতভাবে জাল কাগজপত্র তৈরি করে জমির মালিকানা দাবি করছে এবং ভুক্তভোগী পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীরা কুমিল্লার সদর সিনিয়র সহকারী জজ আদালতে ২০২/২০২৫ নম্বর দেওয়ানি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
সিমা আক্তার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করছি। সেখানে ঘরবাড়ি নির্মাণ করেছি এবং নিয়মিত ফসল উৎপাদন করছি। এখন একটি পক্ষ জাল কাগজপত্র দেখিয়ে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে, যা অত্যন্ত অন্যায় ও উদ্বেগজনক।” তিনি দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিমা আক্তার, মনোয়ারা বেগম, খোরশেদা বেগম, রোকেয়া বেগম, আশা আক্তার, ফুরুজ, আবদুল কফিল, মোসলেম উদ্দিন, আবুল হোসেন ও আবদুল ওহাবসহ স্থানীয় বিপুল সংখ্যক এলাকাবাসী ।
কুমিল্লায় জাল কাগজে জমি দখলের চেষ্টা ও অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
২২ মার্চ (রবিবার), ২০২৬, ৭ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
