মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে ছিটকে আসা আগুনের ফুলকি এবার এসে পড়লো ২২ গজে। ইরান-ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সংকটের জেরে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বড় কাটছাঁটের কথা জানালো দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। চেয়ারম্যান মহসিন নাকভি জানালেন, ছয়টি ভেন্যুর পরিবর্তে সবগুলো ম্যাচ দর্শকশূন্য অবস্থায় অনুষ্ঠিত হবে শুধু করাচি ও লাহোরে। এমনকি লাহোরে হতে যাওয়া জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
পাকিস্তানের জ্বালানি সাশ্রয় এবং জনগণের চলাচল সীমিত রাখার সরকারি নির্দেশনার সঙ্গে সংহতি জানাতেই এমন ঘোষণা পিসিবি চেয়ারম্যানের। গ্যালারি ফাঁকা রাখার সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে নাকভি বলেন, ‘দেশের মানুষকে যেখানে চলাফেরা সীমিত করতে বলা হচ্ছে, সেখানে প্রতিদিন ৩০ হাজার মানুষকে মাঠে আসার আমন্ত্রণ জানানো স্ববিরোধী। এই সংকট যতক্ষণ চলছে, আমরা দর্শক ছাড়াই খেলা চালাবো। সিদ্ধান্তটি কঠিন ছিল, তবে এর বিকল্প ছিল না।’
তবে টুর্নামেন্টের শেষদিকে পরিস্থিতি অনুকূলে আসলে এ সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘১০ দিন বা ১৫ দিনের মধ্যে হয়তো এই সংকটের সমাধান হবে। তখন আমরা পরিস্থিতি বিবেচনা করব।’
পিএসলের একাদশ আসরে বাইশ গজে রোমাঞ্চ ছড়াবেন ছয়-ছয়জন টাইগার ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন, পেশোয়ার জালমিতে আছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজের জার্সি গায়ে চড়াবেন রিশাদ হোসেন।
আগামী ২৬শে মার্চ শুরু হতে যাওয়া এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩রা মে। পিসিবি জানিয়েছে, গ্যালারি খালি থাকায় ফ্র্যাঞ্চাইজি দলগুলোর যে আর্থিক ক্ষতি হবে, তা বোর্ড বহন করবে। একইসঙ্গে, অগ্রিম টিকেট কেনা দর্শকদের অর্থও ফেরত দেয়া হবে।
