চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন দুবাইয়ে এক পাকিস্তানি টিভি শো-তে অতিথি হিসেবে উপস্থিত থাকার কারণে এবার তীব্র সমালোচনার মুখে পড়েছেন সুনিল গাভাস্কার। একদিকে পাকিস্তানি খেলোয়াড়দের ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে দল পাওয়ায় বিরোধিতা করা, আরেক দিকে পাকিস্তানি চ্যানেলে সময় দেয়া, এই দ্বিমুখি নীতির কারণে তাকে ‘ভণ্ডামির’ দায়ে অভিযুক্ত করছেন নেটিজেনরা। সেই প্রসঙ্গে এবার নিজের সাফাই গাইলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার।
ঘটনার সূত্রপাত সম্প্রতি ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের নিলাম থেকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের মালিকপক্ষের দল সানরাইজার্স লিডস দলে নেয় পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে। এ ঘটনায় কড়া সমালোচনা করেন গাভাস্কার। তার মতে, পাকিস্তানি খেলোয়াড়দের দেয়া অর্থের একটি অংশ কর হিসেবে তাদের সরকারের কাছে যায়, যা শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে সামরিক খাতে ব্যবহার করা হতে পারে। এমন মন্তব্যের পরেই দুবাইয়ের সেই শো-তে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের সঙ্গে তার উপস্থিতির বিষয়টি নজরে আসে। তবে ভারতীয় গণমাধ্যম মিড-ডেতে লেখা এক কলামে সব অভিযোগ অস্বীকার করে গাভাস্কার বলেন, ‘দুবাইয়ে আমি যে শো-টি করেছিলাম, তার জন্য আমি কোনো টাকা চাইনি এবং আমাকে কোনো পারিশ্রমিক দেয়াও হয়নি।’
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) হয়ে ধারাভাষ্য দেয়ার বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমি আইসিসি ও এসিসির ধারাভাষ্য প্যানেলে ছিলাম। তবে সে আয়ের অর্থ অংশগ্রহণকারী সব দেশের কাছে গেছে। যতদূর জানি, কোনো ভারতীয় সংস্থা থেকে নয়। আমি কাউকে পারিশ্রমিক দিই না, না ভারতীয়, না অন্য কোনো দেশের কাউকে। তাহলে আমাকে কীভাবে দায়ী করা যায়?’
ভারতীয় কোনো সত্তা যাতে পাকিস্তানিদের অর্থ প্রদান না করে, সেই দাবিতে অনড় থেকে গাভাস্কার বলেন, ‘যদি ভারতীয় মালিকরা পাকিস্তানি খেলোয়াড়দের অর্থ দিয়ে থাকেন, তবে আশা করব তারা তা বন্ধ করবেন। আমি শুধু প্রার্থনা করছি, যাতে ভারতীয়রা পাকিস্তানিদের টাকা দেয়া বন্ধ করে। খেয়াল করলে দেখবেন, গত কয়েক দশকে এর উল্টোটা (পাকিস্তান ভারতকে টাকা দিচ্ছে) কখনোই ঘটেনি।’
