বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের ভারতে পালাতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার বিধাননগর আদালত । শনিবার এই নির্দেশ দেয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩ এপ্রিল পর্যন্ত ফিলিপ সাংমা জেল হেফাজতে থাকবেন। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) তাকে প্রয়োজন অনুযায়ী এই সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শনিবার তাকে বিধাননগর মহকুমা আদালত থেকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ফিলিপের বিরুদ্ধে অভিযোগ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল হোতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন তিনি। দুই অভিযুক্তকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে প্রবেশে সহায়তা করেন ফিলিপ।
