রেড রোডের জামাত থেকে মমতার রাজনৈতিক বার্তা

পশ্চিমবঙ্গে দুর্যোগের আবহাওয়াতেও সর্বত্র ঈদ পালিত

ফন্ট সাইজ:

রাত থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ঝড়বৃষ্টি। এই দুর্যোগের আবহাওয়ার মধ্যে শনিবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র ঈদ সমারোহে পালিত হচ্ছে। এদিন সকাল সাড়ে সাতটায় কলকাতা নাখোদা মসজিদের জামাতে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। তবে পূর্ব ভারতের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় কলকাতার রেড রোডে। লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম এই জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন। বয়স্ক,যুবক ও তরুণদের পাশাপাশি শিশুরাও নামাজে অংশ নিয়েছিল। পশ্চিমবঙ্গ খিলাফত কমিটি আয়োজিত এই নামাজ পরিচালনা করেন ইমাম কারি ফজলুর রহমান। এদিনের জামাতে মুসলিম ধর্মীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। অন্যান্য বারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে নামাজের আগে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিয়েছেন।

রেড রোডের ইদের অনুষ্ঠান থেকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , 'আমাদের অধিকার কেড়ে নিতে দেব না। বাংলার সব মানুষের সঙ্গে আছি।' পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।   রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআরে অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। বাংলার সব মানুষের সঙ্গে আছি। আমাদের অধিকার কেড়ে নিতে দেব না।”  তিনি আরও বলেন, “আজ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আসলে আর্শীবাদ। আপনাদের জন্য সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য আর্শীবাদ দিচ্ছে সর্বশক্তিমান।” রেড রোডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাইদের ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। দিওয়ালিতে রাম আছেন তো ইদে আছেন রহিম। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত খোলা হয়। বাংলার সম্প্রীতি অটুট থাকবে।” রেড রোডের পর লাল মসজিদেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের বিভিন্ন স্থানে মসজিদে মসজিদে এবং ঈদগাহে সকাল থেকেই নামাজ আদায়ের মাধ্যমে পালিত হচ্ছে ঈদের মিলোনোৎসব। নারীরাও এদিন সমবেত ভাবে নামাজ আদায় করেন।  এর পরে পরষ্পর পরষ্পরকে আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর শুরু হয়েছে একে অন্যের বাড়ি গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন। এদিন বহু জায়গায় সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঈদ উপলক্ষে শুক্রবার থেকে সব মুসলিম পরিবারে ছিল চরম ব্যস্ততা। কলকাতায় নিউ মার্কেট, চিৎপুরের দোকানে দোকানে ছিল উপচেপড়া ভিড়। নতুন জামাকাপড় ও রসাধনী কেনার জন্য সকলে উৎসাহী ছিলেন। ছোটদের মধ্যে উৎসাহ ছিল সবচেয়ে বেশি। শনিবার নতুন জামা কাপড়ে সকলে নিজেকে সাজিয়ে তুলেছেন।

কলকাতায় মুসলিম-অধ্যুষিত এলাকা রাজা বাজার, পার্ক সার্কাস ও খিদিরপুর সাজানো হয়েছে আলো দিয়ে । খাবারের দোকানগুলিতেও ব্যস্ততা চোখে পড়ার মতো। এক প্রাণবন্ত, উৎসবমুখর আবহে কর্মচাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরগুলি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন