বছর ঘুরে আবার এসেছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আজ সারাদেশে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইউরোপে শুক্রবার পালিত হয়েছে ঈদুল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ঈদ উদযাপন করা হয়েছে।
রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতি করবেন। এছাড়া বরাবরের মতোই ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।
ঈদুল ফিতরের একটি ওয়াজিব বা আবশ্যিক আমল হলো সালাতুল ঈদ বা ঈদের নামাজ। ঈদের উৎসব শুরু হয় এই সালাতের মাধ্যমে। ঈদের দিন প্রথম প্রহরে ধনী-দরিদ্র আমীর-ফকির নির্বিশেষে সব মুসলমান এক কাতারে দাঁড়ান। একসঙ্গে আল্লাহর পবিত্রতা ও মহত্ত্ব ঘোষণা করেন। পরস্পরের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন। ইসলামে মুসলমানদের এই সম্মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুল (সা.) নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ঈদগাহের জমায়েতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ওদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেসিডেন্ট মো. শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
