দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড

ফন্ট সাইজ:

ব্যাটিং বিপর্যয় যেন পিছুই ছাড়ছে না দক্ষিণ আফ্রিকা দলের। প্রথম দুই ম্যাচের চেয়ে আজ কিছুটা বড় সংগ্রহ পেলেও তা হেসেখেলেই পেরিয়ে গেল নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও বড় জয় তুলে নিলো কিউইরা। ৮ উইকেটের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় ১৬.২ ওভারেই জয়ের দুয়ারে পৌঁছে যায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৪১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয় ওভারে রানের খাতা না খুলে বিদায় নেন ভিয়ান মুল্ডার। নিয়মিত বিরতিতে উইকেট হারানো সফরকারীদের পক্ষে ২০ বলে সর্বোচ্চ ২৬ রান করেন দশে নামা নাকোবানি মোকোয়েনা। এছাড়া জর্জ লিন্ডা করেন ১৯ বলে ২৩ রান। কিউই বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লকি ফার্গুসন। ৪ ওভারে স্রেফ ৯ রানের খরচে ১ উইকেট নিয়ে পরে ম্যাচসেরা হন তিনি। এছাড়া ২টি করে উইকেট নেন স্যান্টনার, বেন সিয়ার্স এবং কাইল জেমিসন।

রান তাড়ায় নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ৯৬ রান। ২৬ বলে ৩৯ রান করে কনওয়ে কেশব মহারাজের শিকার হলে ভাঙে এই জুটি। তবে আরেক প্রান্ত আগলে রেখে ৫৫ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করে ফেরেন ল্যাথাম। ৭ চার ও ২ ছক্কায় সাজানো এ বাঁহাতি ব্যাটারের ইনিংস। ২২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

একই দিনে একই মাঠে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে জয় তুলে নেয় নিউজিল্যান্ডের মেয়েরাও। আগে ব্যাট করে প্রোটিয়া ৭ উইকেটে ১৪৯ রান তোলে প্রোটিয়া মেয়েরা। সেই লক্ষ্য ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য টপকে যায় কিউই মেয়েরা। এখানেও ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড নারী দল।

আগামী ২২শে মার্চ ওয়েলিংটনে গড়াবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। সিরিজ বাঁচাতে দক্ষিণ আফ্রিকার ছেলে ও মেয়েদের সেই ম্যাচে জয়ের বিকল্প নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন