ঈদে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে নজরদারি করছে র‍্যাব

ঈদে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে নজরদারি করছে র‍্যাব

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। শুক্রবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘ঈদের ছুটিতে মানুষ বাড়ি যাওয়ায় ফাঁকা বাসাবাড়ি, অফিস ও শপিং মলগুলোতে চুরি-ডাকাতি প্রতিরোধেও র‍্যাবের টহল বাড়ানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।’

ঈদ সামনে রেখে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রতিটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সদস্য মোতায়েন রেখেছে। পাশাপাশি কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল প্যাট্রল, চেকপোস্ট, অবজারভেশন পোস্ট, ভেহিক্যাল স্ক্যানার এবং সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’

র‍্যাব ছাড়াও সারা দেশে মার্কেট, ঈদগাহ এবং আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেন ইফতেখার আহমেদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন