‘শাহিনের তো দলে থাকার যোগ্যতাই নেই’

‘শাহিনের তো দলে থাকার যোগ্যতাই নেই’

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সালমান আলী আগার জায়গায় শাহিন শাহ আফ্রিদির হাতে নেতৃত্ব তুলে দেয়ার আলোচনা চলমান। তবে অফ-ফর্মের কারণে সমালোচিত এই তারকা পেসারকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, অধিনায়কত্ব তো দূরের কথা, বর্তমান পারফরম্যান্স বিচারে টি-টোয়েন্টি একাদশেই জায়গা পাওয়ার কথা না শাহিনের!

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই বিধ্বংসী শাহিন এখন যেন কেবলই ছায়া। চোট থেকে ফেরার পর নিজেকে খুঁজে ফিরছেন পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু হতাশাই উপহার দেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে স্রেফ ২ ওভার বল করে ৩০ রানের বেশি রান খরচ করায় নামিবিয়ার মতো দলের বিপক্ষেও তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। বাঁহাতি পেসারের দুঃসময় শুধু সীমিত ওভারের ক্রিকেটেই সীমাবদ্ধ নয়। তার নেতৃত্বে কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে পাকিস্তান।

এর পর থেকেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বোদ্ধারা। অনেকে সালমানের জায়গায় তাকে টি-টোয়েন্টি অধিনায়ক করার দাবি জানালে, তা হেসেই উড়িয়ে দিচ্ছেন রশিদ লতিফ। নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেন, ‘শাহিনের অধিনায়কত্ব নিয়ে আলোচনা এখন অবান্তর। আগে তো তাকে দলে নিজের জায়গা পুনরুদ্ধার করতে হবে। এখন যে ফর্ম, তাতে তার টি-টোয়েন্টি একাদশেও জায়গা হওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘হ্যাঁ, একটা সময় ছিল, যখন তাকে অধিনায়ক করা যেত। এখন তো তার দলে জায়গাই প্রাপ্য নয়। অনেকেই প্রচারণা চালাচ্ছে, তাকে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি অধিনায়ক করা হোক। তবে আমি টি-টোয়েন্টি দলে তার জায়গাই দেখি না। তার সময় শেষ।’

সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজে ৩ ম্যাচে স্রেফ ৪ উইকেট শিকার নেন শাহিন। সিরিজের শেষ ম্যাচে মিরপুরে ব্যাট হাতে ৩৭ রানের লড়াকু ইনিংস খেললেও ১১ রানে হারে পাকিস্তান। এখন শাহিনের সামনে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ পাকিস্তান প্রিমিয়ার লীগে (পিএসএল)। আগামী ২৬শে মার্চ থেকে শুরু হতে যাওয়া আসরে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দেবেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন