খুলনায় একই পরিবারের ৪ সদস্যকে গুলি, পুলিশ বলছে, ‘পরকীয়ার জের’

ফন্ট সাইজ:

‘পরকীয়ার জেরে’ খুলনায় ঘরের ভেতর ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ বলছে, পরকীয়ার জেরে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারার বেগমের বুকে গুলি লেগেছে এবং ছেলের স্ত্রী ফাহিমার অবস্থায় আশঙ্কজনক থাকায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় গত ৩ বছর আগে কারাগারে যায়। সেখানে সন্ত্রাসী ইমরানের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এর আগে গত ৬ মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন।

এ ঘটনা শুনে ক্ষুব্ধ হয় ইমরান এবং প্রতিশোধ নেয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, ‘পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদের সকলকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন