সাভার-আশুলিয়ায় মহাসড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই যানজট

ঈদযাত্রা

সাভার-আশুলিয়ায় মহাসড়কগুলোতে যানবাহনের বাড়তি চাপ থাকলেও নেই যানজট

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাভার-আশুলিয়ার মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। দীর্ঘ ছুটিতে প্রিয়জনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চল থেকে নাড়ির টানে গ্রামে ফিরছে মানুষ। একযোগে সবাই সড়কে নেমে আসায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা এবং বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। তবে নেই যানজট।

লোকাল পরিবহনগুলো যাত্রী উঠানামার জন্য বিভিন্ন স্থানে দাঁড় করালেও দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে চলছে গন্তব্যের উদ্দেশ্যে। যে কারণে মহাসড়কগুলেতে যাত্রী উঠানামা এবং অতিরিক্ত যানবাহনের চাপে কিছুটা ধীরগতি থাকলেও কোথাও স্থায়ী যানজট চোখে পড়েনি।

সরজমিনে সাভারের হেমায়েতপুর, গেন্ডা, রেডিও কলোনি, সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর ও বাইপাইল এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা একযোগে ছুটি হওয়ায় বিকালের পর থেকেই সড়কে যানবাহন এবং যাত্রীর চাপ বাড়তে থাকে। সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করেই ঘরমুখো মানুষেরা বিভিন্ন বাস কাউন্টারে ভিড় জমায়। পাশাপাশি বিভিন্ন এলাকায় থেকে রিজার্ভ করা বাসগুলো একযোগে মহাসড়কে উঠে আসায় বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হলেও পরে সেটি কমে যায়।

বাসস্ট্যান্ড ও বাস কাউন্টারগুলোতে যাত্রী উঠানামা করানোয় সেখানে কিছুটা যানবাহনের ধীরগতি লক্ষ করা গেছে। তবে ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে দূরপাল্লার পরিবহন চলাচলের জন্য যে লেনগুলো রয়েছে, সেখানে কোনো যানজট হচ্ছে না বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসষ্ট্যন্ডগুলোতে কাজ করছে স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীরা। তারা উল্টোপথে চলাচলকে নিরুৎসাহিত করার পাশাপাশি সিগন্যালগুলোতে দায়িত্ব পালন করায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সড়কে অরাজকতা ঠেকাতে এবং কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে যাচ্ছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এখন পর্যন্ত দু’টি কাউন্টার এবং দু’টি যাত্রীবাহী বাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠায় বাস এবং কাউন্টারগুলোকে জরিমানা করার পাশাপাশি যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়েছে।

সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান চলাকালে নওগাঁ পরিবহন ও আলহামরা পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বাস দু’টিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে এবং অতিরিক্ত আদায়কৃত টাকা যাত্রীদের ফেরত দিতে নির্দেশ দেয়।

আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান জানান, ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাজাহান জানান, সাভার-আশুলিয়ার মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী উঠনামা করানোর কারণে কিছুটা ধীরগতি থাকলেও পুরো সড়কে কোথাও কোনো যানজট নেই। আমরা সর্বদা টহলে রয়েছি, কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন