বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু হবে। রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দিনের কার্যক্রম শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং আবরার ফাহাদ হত্যা মামলাটির আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণের আবেদন জানান।
বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ঘোষণা করেন যে, আগামী মঙ্গলবার ১লা ডিসেম্বর মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে এবং তা আদালতের কার্যতালিকায় প্রথম মামলা হিসেবে (১ নম্বর ক্রমিকে) অন্তর্ভুক্ত থাকবে। এদিন, আদালতে আবেদন করার সময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনীক আর হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিলের শুনানিও গত সপ্তাহে আপিল বিভাগে চলমান ছিল। আপিল বিভাগের একজন বিচারপতির চিকিৎসা শেষে মামলাটির অবশিষ্ট শুনানি পুনরায় শুরু হবে।
জানা যায়, দেশের আলোচিত ও চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল অফিসের উদ্যোগের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সাত খুন মামলা, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা, কক্সবাজারের মেজর (অব.) সিনহা হত্যা মামলা এবং পুরান ঢাকার বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিলসমূহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানির পর্যায়ে রয়েছে। আপিল বিভাগে এসব মামলার চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের জন্য প্রচলিত বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ সম্পন্ন হবে। এরপর আপিল বিভাগের রায় অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে রায় কার্যকরের বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারবে।
